প্রকাশিত:
১ এপ্রিল ২০২৬, ১৫:৪০
নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বড় আকারের একটি জাতীয় উদ্যোগের সূচনা হতে যাচ্ছে সিলেট থেকে। আর এই আয়োজনকে ঘিরেই আগামী ৩০ এপ্রিল প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যাচ্ছেন সিলেট সফরে।
সেদিন সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি, যা একই সময়ে দেশের ৬৪ জেলায় একযোগে চালু হবে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়- বরং জাতীয় পর্যায়ে প্রতিভা খোঁজার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার সূচনা।
বুধবার (১ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্টেডিয়াম পরিদর্শন শেষে জানান, কর্মসূচির আওতায় ফুটবল ও ক্রিকেটসহ মোট সাতটি ডিসিপ্লিন রাখা হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা।
শুধু তাই নয়, সরকার শিক্ষা ব্যবস্থার সঙ্গেও খেলাধুলাকে আরও গভীরভাবে যুক্ত করার পরিকল্পনা করছে। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিভাবানদের জন্য ক্রীড়া বৃত্তি ও ভাতা প্রদানের ব্যবস্থাও সম্প্রসারণ করা হচ্ছে, যেখানে ধাপে ধাপে শত শত খেলোয়াড় অন্তর্ভুক্ত হবেন।
তবে আয়োজনের আগে সিলেট জেলা স্টেডিয়ামের অবকাঠামোগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তার মতে, পূর্বের উন্নয়ন কার্যক্রমে অনিয়মের কারণে স্টেডিয়ামের বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। দ্রুত সংস্কারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতেই তারেক রহমান তার রাজনৈতিক প্রচারণা শুরু করেছিলেন এই সিলেট থেকেই। এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একই শহর থেকে জাতীয় ক্রীড়া কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে তিনি নতুন এক বার্তা দিতে যাচ্ছেন।
মন্তব্য করুন: