বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি অফিস ও বিভিন্ন সংস্থার কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অবদানের কথা তুলে ধরেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন।
সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের পর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী নতুন সরকারের লক্ষ্য অর্জনে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
২০২৫ সালে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
এ লক্ষ্যে বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় মানবিক সহায়তার জন্য অর্থায়ন নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
অন্যদিকে, ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আশ্বাস দেন। তিনি নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জাতিসংঘের কার্যক্রম অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী এসব অগ্রাধিকার বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে, ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও সাক্ষাৎ করেন।
মন্তব্য করুন: