প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৫:৩৭
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে গণভোটকে কেন্দ্র করে সারাদেশে বিরাজ করছে উৎসবমুখর নির্বাচনি আমেজ। এই গুরুত্বপূর্ণ সময়ে ভোটারদের প্রতি দায়িত্বশীল ও সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বার্তা দেন। ওই পোস্টে ড. আজহারী ভোটকে একটি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে উল্লেখ করে সবাইকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি লেখেন, ‘ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটি বিপুল সংখ্যক মানুষ শেয়ার ও মন্তব্য করেন।
ড. মিজানুর রহমান আজহারী দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক ও নৈতিক বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন। ন্যায়বিচার, সততা এবং দায়িত্ববোধের ওপর গুরুত্ব দিয়ে তার বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে তার এই আহ্বান ভোটারদের মধ্যে নৈতিক সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে তরুণ ও প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের জন্য এই বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, ব্যক্তিগত স্বার্থ, প্রলোভন কিংবা চাপের বাইরে থেকে দেশের ভবিষ্যতের কথা বিবেচনা করে ভোট দেওয়ার বিষয়টি ড. আজহারী স্পষ্টভাবে তুলে ধরেছেন।
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রচারণা তুঙ্গে। এর মধ্যেই ড. মিজানুর রহমান আজহারীর মতো একজন প্রভাবশালী চিন্তাবিদের এই আহ্বান জনগণকে দায়িত্বশীল সিদ্ধান্তের দিকে উৎসাহিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে ভোটারদের সচেতন অংশগ্রহণই পারে দেশকে একটি সঠিক ও ইতিবাচক পথে এগিয়ে নিতে—এমন বার্তাই উঠে এসেছে ড. আজহারীর বক্তব্যে।
মন্তব্য করুন: