প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৪:৪৮
চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন। এসব দাবিকে তিনি জনদাবি হিসেবে উল্লেখ করে বলেন, এগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরের উন্নয়ন অগ্রযাত্রা বহুগুণে এগিয়ে যাবে।
গতকাল দুপুরে নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশে এসব কথা বলেন সাঈদ আল নোমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ঘোষিত বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আর কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না, যদি পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা যায়।
সাঈদ আল নোমান তার বক্তব্যে স্মৃতিচারণ করে বলেন, ২০১২ সালে এই পলোগ্রাউন্ড মাঠেই প্রমাণ হয়েছিল চট্টগ্রামের মানুষ বেগম খালেদা জিয়াকে কতটা ভালোবাসে। তিনি আরও উল্লেখ করেন, ১৯৮৭ সালের ৪ নভেম্বর মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ উপাধি দিয়েছিলেন আব্দুল্লাহ আল নোমান—যিনি তার পিতা।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তার একজন সন্তান ও রাজনৈতিক শিষ্য হিসেবে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তিনি তারেক রহমানের কাছে তিনটি দাবি তুলে ধরেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রামকে বাস্তব অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে অগ্রাধিকার দেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা।
নোমান বলেন, ২০০৩ সালে বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা বাস্তবায়নে তারেক রহমান ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং তার নীতিনির্ধারণী দল এ বিষয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে পারলে এ অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট দূর হবে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আজ এখানে আসা সম্ভব হয়েছে এবং আগামী নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে সবাই সর্বশক্তি নিয়োগ করবেন।
মন্তব্য করুন: