প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৩:৫৩
উত্তর কোরিয়ার ক্ষমতার ভেতর আবারও কড়া বার্তা দিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একটি রাষ্ট্রীয় শিল্প প্রকল্প পরিদর্শনের সময় তিনি এক উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় যুক্ত কর্মকর্তাদের প্রকাশ্যে অযোগ্য বলে আখ্যা দেন।
কিম অভিযোগ করেন, শিল্প খাতের আধুনিকায়নে নির্ধারিত সময়সূচি ভেঙে পড়েছে মূলত দুর্বল নেতৃত্ব ও দায়িত্বহীনতার কারণে। তাঁর মতে, বর্তমান অর্থনৈতিক নীতিনির্ধারকদের একটি অংশ দেশের শিল্পব্যবস্থাকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা হারিয়েছে।
পরিদর্শনকালে কিম জং উন বলেন, দীর্ঘদিন ধরে কিছু কর্মকর্তা নিষ্ক্রিয়তা ও পরাজয়বাদে অভ্যস্ত হয়ে পড়েছেন, যা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের মানসিকতা আর সহ্য করা হবে না।
এই প্রকাশ্য বরখাস্ত ও সমালোচনাকে উত্তর কোরিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। দলীয় কংগ্রেসের প্রস্তুতির সময় এমন পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, শাসন কাঠামোতে শৃঙ্খলা জোরদার এবং ব্যর্থতার দায় সরাসরি নির্ধারণে কিম জং উন আরও কঠোর হচ্ছেন।
মন্তব্য করুন: