প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৩:৪৮
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিতর্কের মধ্যেই স্পষ্ট ও দৃঢ় অবস্থান তুলে ধরেছে সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি যদি কোনো চাপের মুখে পড়ে বাংলাদেশের ওপর অবাস্তব বা অযৌক্তিক শর্ত আরোপ করে, তাহলে সে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, বাংলাদেশের জন্য জাতীয় নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতি সর্বোচ্চ অগ্রাধিকার। ক্রিকেট খেলতে গিয়ে সেই বিষয়গুলো উপেক্ষা করার সুযোগ নেই। কোনো দেশের চাপের কাছে নত হয়ে আইসিসি সিদ্ধান্ত নিলে বাংলাদেশ তার স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।
বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসছে। আইসিসির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড পরিষ্কারভাবে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়।
এ অবস্থায় বিকল্প গ্রুপ বিন্যাসসহ বিভিন্ন বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা চলছে। ক্রিকেট অঙ্গনে এখন সবার দৃষ্টি আইসিসির ঘোষণার দিকে, যেখানে নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ।
মন্তব্য করুন: