প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় টানা ৪৮ ঘণ্টা হরতাল পালিত হচ্ছে। এ সময় সড়ক ও মহাসড়কে ট্রাক, বাঁশ ও কাঠের গুড়ি ফেলে ব্যারিকেড দিয়ে রাখে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সকাল থেকে ফকিরহাট সড়ক ও মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করতে দেখা যায়নি।
তবে গ্রাম অঞ্চল দিয়ে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যান চলতে দেখা গেছে। হরতালের কারণে উপজেলার সব দোকানপাটও বন্ধ ছিল। জরুরী প্রয়োজনে কিছু ফার্মেসির দোকান খোলা ছিল। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মহাসড়কে সীমিত আকারে কিছু ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। কলেজছাত্র শামিম রেজা জানান, তিনি সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ যাচ্ছেন। হরতালের কারণে তিনি চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সঠিক সময়ের মধ্যে কলেজে পৌঁছতে না পারলে তিনি ক্লাস ধরতে পারবেন না।
আলমগীর হোসেন জানান, তিনি চট্টগ্রাম থেকে বাগেরহাট যাবেন। কিন্তু বাগেরহাট হরতাল চলার কারণে কিছুদূর পায়ে হেঁটে এবং বিভিন্ন যানবাহনে করে তার গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এতে তার সময় ও আর্থিক ক্ষতি হচ্ছে।
পথচারী মো. ইমরান হোসেন বলেন, তার ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে যাবেন। কিন্তু এখান থেকে তেমন কোনো যানবাহন না চলার কারণে পায়ে হেঁটে ও ভ্যানযোগে যেতে হবে।
তবে বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে হরতালের সমর্থনও জানান তিনি। এদিকে চারটি আসন বহাল রাখার দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানান, বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য করুন: