প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১৫:৪৬
গোপালগঞ্জে পৃথক ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলার বটবাড়ী গ্রামে এবং গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।
কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান এবং কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ী গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের প্রতিবন্ধী ছেলে প্রদীপ সরকার (৪০) এবং কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের হিল্লাল শেখের মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবিনা খানম (১১)।
ওসি হাফিজুর রহমান জানান, আজ মঙ্গলবার সকালে প্রতিবন্ধী প্রদীপ সরকার বাড়ির পাশের একটি পুকুরে মুখ ধুতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হলে পুকুরপাড়ে তার ব্রাশ পড়ে থাকতে দেখা যায়। পরে জাল দিয়ে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি কামাল হোসেন জানান, গতকাল সোমবার বিকেলে নিজবাড়ির আমড়া গাছ থেকে আমড়া পাড়ার জন্য গাছে ওঠে রুবিনা খানম। এ সময় নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয় তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন: