প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৭:৪১
বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে দুই তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই এলাকার শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।
মাংস বিক্রেতা সাইফুল ইসলাম, নারকেল ব্যবসায়ী আব্দুল হালিমসহ স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১৯ আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে চুরির মালামাল উদ্ধার ও চোর শনাক্ত করার কাজে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহযোগিতা করে আসছিলেন। গতকাল শুক্রবার রাতে মাশরাফি ও জ্যাকিসহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারধর করে। এ সময় তার কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরই জের ধরে শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় ফকিরহাট বাজারের কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় জনতা মাশরাফি ও জ্যাকিকে দেখতে পেয়ে আটক করে পিটুনি দেয়।
পরে তাদের পুলিশের নিকট সোপর্দ করে। স্থানীয়রা জানায়, মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বাচ্চু শেখ নামে এক মাংস বিক্রেতা চাঁদাবাজির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ছাড়া ভুক্তভোগী মাংস বিক্রেতা সাইফুল ইসলাম ও নারকেল ব্যবসায়ী আব্দুল হাালিম আটক ওই দুজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন তারা।
ফকিরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল রবিবার (২৪ আগস্ট) তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মন্তব্য করুন: