প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৬:১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) ঢাকা-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, তার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে।
এ ছাড়া ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। নারী ও পুরুষের জন্য আলাদা বুথ তো থাকছেই।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে, যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা জেলা ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়।
বর্তমানে পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি-ওর্ন ক্যামেরা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য নতুন করে আরও ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে উপদেষ্টা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর সদর দপ্তর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। কারাগার পরিদর্শনকালে তিনি বন্দিদের খাবার, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।
মন্তব্য করুন: