প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৬:২১
দেখে মনে হবে বন্যার পানিতে ভাসছে বিদ্যালয়। শিক্ষার্থীরা হাটু পানি ভেঙে স্কুলে যাচ্ছে। কেউ কেউ পানির মধ্যে বই খাতা নিয়ে পা পিছলে পড়ে যাচ্ছে। এরইমধ্যে অনেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।
এভাবে গত এক মাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিত হার নেমে এসেছে অর্ধেকে। সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয় মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়টিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ের মাঠসহ সামনের সড়ক এবং আশেপাশের বসত বাড়িগুলোতে একই চিত্র দেখা গেছে। জলাবদ্ধতায় সৃষ্ট নোংরা পানির মধ্যে আসা-যাওয়া করায় শিক্ষার্থীদের পায়ে ঘাসহ নানা চর্ম রোগ দেখা দিয়েছে।
এভাবে ঝুঁকি নিয়ে পাঠদান দেওয়া হচ্ছে বিদ্যালয়টিতে। অভিভাবকরা ছেলেমেয়েদের লেখাপড়া নিয়ে আতঙ্কের মধ্যে আছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার আরিচা ঘাটের ট্রাক টার্মিনালের কয়েশত মিটার দূরে নিহালপুর ২- সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত । বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে তেওতা ইউনিয়নের হাজার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে।
বিদ্যালয়টির আশেপাশের জায়গা ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিতভাবে বাড়ি ঘর নির্মাণ করায় প্রায় দেড়শত মিটার পাকা সড়কসহ সামন্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বিদ্যালয়টির মাঠটি পানিতে ডুবে যায়। এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই বৃষ্টি হলে স্কুলটির এমন অবস্থা হয়। এলাকার বাড়ি ঘরের নোংড়া-আর্বজনা পানিতে ভেসে বিদ্যালয়ের মাঠে জমে থাকে। একদিকে পানি অপর দিকে ময়লা-আর্বজানা ঠেলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়। শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির ছেলে-মেয়ে বেশির ভাগই বিদ্যালয়ে পানির ভয়ে আসা বন্ধ করে দিয়েছে।
বিদ্যালয়ে পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা কালের কণ্ঠকে বলেন, গত এক মাস যাবত বৃষ্টির শুরু থেকেই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে হেঁটে স্কুল থেকে বাসায় গেলে হাত-পা চুলকায় ময়লা পানি দিয়ে যাওয়া-আসা করার জন্য। জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থার দাবি জানায় তারা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, বৃষ্টির পানি জমে বন্যার মতো হয়ে গেছে। ক্লাসরুম থেকে বের হলেই পানির মধ্যে নামতে হয়। বাচ্চাদের পায়ে ঘাঁ হয়ে যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনের জন্য বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতনদের জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, আমি বিদ্যালয়টিতে জলাবদ্ধতা দেখতে সরেজমিনে পরির্দশন করেছি। স্কুলটি জলাবদ্ধতা নিরসনে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: